ঝড় বাদলে মাঠে ঘাটে"
" ঝড় বাদলে মাঠে ঘাটে"
-মাইনুল ইসলাম-
ঝড় বাদলে আকাশ ঘিরে
সূর্য ডুবে ডুবে,
গুড় গুড় গুড় ডাকছে কেঁপে
মেঘ সেজেছে পূবে।
মেঘের ডাকে আকাশ চিরে
বাজ পড়ে কড় কড়,
মাঠ ঘাটে আর থাকিস না কেউ
আসছে ধেয়ে ঝড়।
আকাশগাঙ্গে ঢেউ উঠেছে
বৃষ্টি আসছে ঝেঁপে,
ঝরছে ধারা অবিরত
বাদল গেছে ক্ষেপে।
ফসলপানি হাবুডুবু
একবাঁও জলের নীচে,
সকল আশা কোণঠাসা
ভাবনা চাষির মিছে।
চড়া সুদে ঋণ নিয়েছে
ধার শুধবে কিসে,
লাঙ্গলহালে খরচাপাতি
খরচা চারা বিষে।
ক্ষেত মজুর কৃষক চাষির
ঘাসের বোঝা মাথে,
পথ চলতে পিছলে পড়ে
সঙ্গছাড়া সাথে।
জল কাদায় গড়াগড়ি
ঝোড়ো হাওয়ার টানে,
জীবনযুদ্ধে মরণ বাঁচন
তাকায় কে কার পানে।
রাখাল বালক গরু মাঠে
ঝাপসা অন্ধকারে,
থর থর থর কাঁপছে ভিজে
কাঁপছে ভীষণ জ্বরে।
প্রবল ঝড়ে ঝাপটা লেগে
উড়ে পাখির বাসা,
কিচির মিচির কান্নাকাটি
ছানার সর্বনাশা।
ওঁত পেতে বাজপাখিরা
লুকিয়ে গাছের ডালে,
হঠাৎ করে ছোঁ মেরে
পাখির ছানা তুলে।
নীড়হারা পাখির 'মা'-রা
কাঁদছে করুণ সুরে,
ছানার খোঁজে উড়ছে তারা
আকাশ অচিনপুরে।
সর্বহারা 'মা' পাখিরা
নীরব ব্যথা সয়ে,
আর কি তারা বাঁচতে পারে
বাজপাখির ভয়ে?
এমনি করে চলছে জগৎ
যায় না তো আর থামা,
ক্ষমতার বলে শক্তি দেখায়
যায় না কারে নামা।
Comments
Post a Comment