ট্রেনের হকার
"ট্রেনের হকার"
-মাইনুল ইসলাম-
আমি শিক্ষিত বেকার ট্রেনের হকার
ট্রেনের কামরায় ঘুরি,
শোন্ পাপড়ি মশলা মুড়ি
বেচি নুনঝুরি।
ডিগ্ৰি আমার কম নাই ভাই
এম,এ,বি-এড পাশ,
দেশ গেছে আজ রসাতলে
চাকরির সর্বনাশ।
কানাকড়ি নেই পকেটে
চাকরি নাহি জুটে,
আমার মত কত বেকার
খাটে মজুর মুটে।
আট মাস ধরে ট্রেন চলে না
পয়সা নেই হাতে,
অনাহারে দিন কেটে যায়
ভাত জুটে না পাতে।
ঘরে আমার বৃদ্ধ বাবা
মা শয্যাগত,
পোলাপানের কান্নাকাটি
জুড়ায় কী আর ক্ষত?
রোগভোগে সব জরাগ্ৰস্ত
ডাক্তারখানা বন্ধ,
জীবনটা মোর দুর্বিসহ
ফিরবে না কি ছন্দ?
জীর্ণশীর্ণ কঙ্কালদেহ
না খেয়ে খেয়ে,
কাজ কর্মের ধকল আর
সইবে কত দেহে?
নুন আনতে পান্তা ফুরায়
ছা-পোষা সংসারে,
জানি না কোন গ্ৰহের ফেরে
পড়েছি খপ্পরে।
সহায় সম্বলহীন ট্রেনের হকার
বাঁচবো কীসের আশায়?
ট্রেন বুঝি আর চলবে না হায়
মোর জীবদ্দশায়!
বয়সের ভারে ভারাক্রান্ত
চোখে দেখি কম,
পথ চলতে টলতে কখন
বেরিয়ে যাবে দম।
Comments
Post a Comment