"বুভুক্ষুর ব্যাথা
স্তব্ধ জীবন বসে সারাক্ষণ
করোনা ভাইরাসের তাড়া,
মেলিয়া আঁখি চারিদিকে দেখি
শহর মহল্লা পাড়া।
লক্ ডাউন শুরু ভয়ে দুরু দুরু
বাইরে বেরুতে মানা,
শ্রমিক মজুর মুটে যায় না তো মাঠে ছুটে
কি করে জোটাবে খানা?
কাজ কর্ম সব বন্ধ বোঝে না কেউ ভালোমন্দ
ধনীরা দাঁড়ায় না পাশে,
চারিদিকে ত্রাহি ত্রাহি কে কার পানে চাহি
দীন দুঃখীরা মরিছে ত্রাসে।
ভিনরাজ্যে গেছে যারা সব যেন দিশেহারা
কে জোগাবে মনোবল?
অনাহারে দিন গুণে বসে বসে নির্জনে
আঁখি ছল ছল।
বন্ধ গাড়ি ঘোড়া গোদের উপর বিষফোঁড়া
ফিরতে পারবে কি বাড়ি!
বাবা-মা পথ চেয়ে বসে আছে না খেয়ে
চলছে যে মহামারী।
সহায় সম্বলহীন আশার আলো ক্ষীণ
আর কতদিন রবে সেথা?
করোনার চেয়ে আসছে ধেয়ে
বুভুক্ষু মানুষের ব্যথা।
Comments
Post a Comment