সেই হারিয়ে যাওয়া পদ্মার ইলিশ
"সেই হারিয়ে যাওয়া পদ্মার ইলিশ"
-মাইনুল ইসলাম-
ওপার বাংলা থেকে আসতো ইলিশ
সাজিয়ে ঝুড়ির ডালি,
সন্ধ্যেবেলায় নামতো ঝুড়ি
লালগোলায় সব খালি।
ট্রেনে চালান লরিতে চালান
যেত বহুদূরে,
ইলিশমাছের গুনগীর্তন
করতো সব এক সুরে।
সৌরগোল আর হট্টগোলে
জন সমাগমে,
রেললাইনের ধারে সারে সারে
মাছের আড়ৎ জমে।
গোয়ালন্দার পদ্মার ইলিশ
সুমিষ্ট স্বাদেভরা,
বরিশালের ও ইলিশ ভাইরে
মন পাগলপারা।
সর্ষে বাঁটা পোস্ত ইলিশ
পড়তো সবার পাতে,
গাদা পেটি লুটোপুটি
খেতাম সব একসাথে।
ইলিশ মাছের মুড়া দিয়ে
রাঁধতো কচুরপাতা,
মায়ের হাতের রান্না খেয়ে
নাড়তো দাদু মাথা।
ভাঁপা ইলিশ মাছের ডিমে
জমতো ঝোলে ভাতে,
ডিনার শেষে দাদুর ঘরে
বসতো আসর রাতে।
রসনা বাসনায় মন ভরতো
খেত সব পেটপুরে,
মহানন্দে গান ধরতো
ভাটিয়ালি সুরে।
দু-আড়াই কিলো মাছের ওজন
লালাভ আঁশে গা-টা,
সেই ইলিশ কী আর আছে এখন
দেখছি সাদামাটা।
জাটকা ইলিশ খোকা ইলিশ
পড়ছে জালের ফাঁদে,
স্বাদগন্ধ নাই তো তেমন
পরাণ আমার কাঁদে।
সেই পদ্মার ইলিশ হারিয়ে গেছে
জানি না কোনখানে,
স্বাদটা আজ ও ভুলতে পারি না
ঐ ইলিশ মাছের টানে।
Comments
Post a Comment